২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জমির বিরোধে ‘হামলা, আহত ৯ পুলিশ’

জামালপুরের বকশীগঞ্জে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষ থামাতে যাওয়া পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 04:17 PM

Updated : 19 Aug 2022, 04:20 PM

বুধবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নে এ ঘটনায় নয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান।

ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ ‘হামলাকারীকে’ আটক করা হয়েছে।

ওসি আসলাম জানান, বটতলা গ্রামের টারু মিয়া ও আইরমারী খানপাড়া গ্রামের আবদুস ছালামের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে।

দুপুরে টারু মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে পাট বীজ বপন করতে গেলে আবদুস সালামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ তাদের থামাতে যায়।  

“এ সময় টারু গ্রুপের লোকজন পুলিশের উপর হামলা করলে এসআই তাইজুল ইসলাম, এসআই আবদুল আজিজ, এএসআই রেজাউল করিম, এএসআই মাহফুজ, কনস্টেবল সোহরাবসহ নয় পুলিশ সদস্য আহত হন।”

পরে সাত রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ওসি বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মোশারফ (৫০), রহিজ বেপারী (৩৮), ভিক্কু মিয়া (৫০), আবদুল বাছেদ (৫০) ও নুর আমিন (৪০) নামের পাঁচ জনকে আটক করা হয়েছে।

আহত পুলিশ সদস্যদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।