২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি রিপনের ফাঁসির চিঠি সিলেট কারাগারে

জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করার পর সেই চিঠি পৌঁছেছে কারাগারে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 10:09 AM

Updated : 19 Aug 2022, 04:19 PM

সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠি হাতে পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চিঠি পাওয়ার পর আমরা আসামিকে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার খবর জানিয়েছি। দণ্ড কার্যকরে আমরা প্রস্তুত আছি। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ও সব প্রক্রিয়া শেষ হলেই ফাঁসি কার্যকর করা হবে।”

ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হয়ে যাওয়ায় অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কৃপা প্রার্থনাই ছিল এই জঙ্গির প্রাণ বাঁচানোর শেষ সুযোগ।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে গেছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের চিঠি গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার হান্নান ও বিপুলের পরিবারের সদস্যদের দেখা করতে ডেকেছে কারা কর্তৃপক্ষ।

রিপনের প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত জানার আগেই গত রোববার রিপনের ১২ জন আত্মীয় সিলেট কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করেন। নিয়ম অনুযায়ী, দণ্ড কার্যকরের আগে আবারও স্বজনদের দেখা করতে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত রোববার সাংবাদিকদের জানান, প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুর হওয়ায় তিন জঙ্গির ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিচ্ছেন তারা। কারাবিধি অনুযায়ীই আদালতের রায় বাস্তবায়ন করা হবে। 

সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী গ্রেনেড হামলার মুখে পড়েন। এতে ঘটনাস্থলেই পুলিশের এএসআই কামাল উদ্দিন নিহত হন।

এছাড়া পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি মারা যান হাসপাতালে। আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন ওই ঘটনায় আহত হন।

ওই ঘটনায় করা মামলার চূড়ান্ত রায়ে আপিল বিভাগ গত বছরের ৭ ডিসেম্বর তিন আসামির সর্বোচ্চ সাজার রায় বহাল রাখে।

এ মামলায় যাবজ্জীবন দণ্ডিত দুই আসামি মহিবুল্লাহ ও আবু জান্দালকে হাই কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আপিল না করায় তাদের ওই সাজাই বহাল থাকে।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। তাদের আবেদন গত ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যায়। ফলে চূড়ান্ত বিচারেও ফাঁসির রায় বহাল থাকে।

পুরনো খবর:

হান্নানের ফাঁসির চিঠি কারাগারে
সিলেটে জঙ্গি রিপনের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
প্রাণভিক্ষা পাননি হান্নান, ফাঁসির প্রস্তুতি