সাভার ট্যানারিতে মাথায় আঘাত লেগে প্রকৌশলী নিহত
সাভারের বাংলাদেশ চামড়া শিল্প নগরীর একটি ট্যানারিতে কাজ করার সময় মাথায় আঘাত লেগে এক প্রকৌশলী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরে হরিণধরায় চামড়া শিল্প নগরীর ‘অ্যাপেক্স ট্যানারি লিমিটেড’ এ ঘটনা ঘটে বলে ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এবিএম শাহ আলম জানান।
নিহত শামিম হোসেন (২৮) রাজধানীর গুলশান বেড়াইত এলাকায় নুরুল ইসলামের ছেলে। তিনি ওই ট্যানারিতে কর্মরত ছিলেন।
এসআই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্যানারির ড্রাম মেশিনে কাজ করার সময় চাকার লোহার পাইপে মাথায় আঘাত লেগে শামিম হোসেন গুরুতর আহত হন।
“পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
