আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার মরাগাং ব্রিজের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
গ্রেপ্তাররা হলেন লালমনিরহাটের গড্ডীমারী গ্রামের আল আমীন (৩০), গাইবান্ধার পিয়ারাপুর গ্রামের পারভেজ হোসেন (২৫), বগুড়ার চামরুল গ্রামের নুর মোহাম্মদ ছোটন (২৮), মানিকগঞ্জের রাল্লে গ্রামের মো. সজীব (২৪), গাজীপুরের কাশিমপুর গ্রামের মো. রাকিব (২৮) ও একই গ্রামের মো. হৃদয় (২৩)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মরাগাং এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালায় পুলিশ।
“তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানো চেষ্টা করলে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তারদের তল্লাশি করে দুইটি চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে জানান ওসি।
