সাভারে ট্রাক দুর্ঘটনায় নিহত ১
ঢাকার সাভারে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কার পর অপর একটি ট্রাকের চলকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ দুইজন।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনি এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান।
নিহত নূর মোহাম্মদ (৩০) যশোরের ঝিগরগাছা থানার বাইশবাগার গ্রামের রুহুল আমিনের ছেলে।
আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি কামরুজ্জামান জানান, সবজি বোঝাই একটি ট্রাক যশোর থেকে রাজধানীর কারওয়ানবাজার যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
“এ সময় সবজি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়।”
এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
