২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সোহেল হত্যায় ২ জনের ফাঁসির রায়

সিলেটের দক্ষিণ সুরমার লন্ড্রি কর্মচারী সোহেল আহমদ হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 09:58 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

বুধবার বিকালে সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মফিজুর রহমান ভূঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেট সদর উপজেলার বানাগাঁও গ্রামের আব্দুল মন্নানের ছেলে কাজল মিয়া (২৩) ও একই এলাকার মনফর আলী ওরফে মনু মিয়ার ছেলে ইসলাম ওরফে ইসলাম উদ্দিন (২২)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে খালাস দেওয়া হয় বলে জানান বিশেষ পিপি নওসাদ আহমদ চৌধুরী।

মামলার নথি থেকে জানা যায়, ইসলামের বোন মিলন আক্তারকে বিয়ে করায় ২০১১ সালের ১৭ এপ্রিল রাতে সোহেলকে ডেকে নিয়ে বানাগাঁও এলাকার ঢালুয়াবন্দ হাওরে হত্যা করে আসামিরা। পরে মরদেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে তা বানাগাঁও গ্রামের এক পুকুরে ফেলে দিয়ে লাশ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়।

পিপি নওসাদ বলেন, পরদিন পুলিশ হাওর থেকে সোহেলের লাশ উদ্ধার করে। খবর পেয়ে সোহেলের পরিবার মর্গে গিয়ে  লাশ শনাক্ত করে।

এ ঘটনায় সোহেলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে একই বছরের ১৯ এপ্রিল সিলেট কোতোয়ালি থানায় নয় জনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ২৬ জুন নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।