গাইবান্ধায় গ্রেপ্তার ৩ ‘জেএমবি সদস্য’ রিমান্ডে
গাইবান্ধায় গ্রেপ্তার তিন জেএমবি ‘সদস্যকে’ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার দুপুরে গাইবান্ধা অতিরিক্তি মুখ্য বিচারকি হাকিম জয়নুল আবেদীন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পিপি শফিকুল ইসলাম শফিক।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদশক (এসআই) প্রতাপ কুমার সিংহ জানান, “বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে ওই তিন জেএমবি সদস্যের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।”
মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা কিশামত কেওয়াবাড়ী গ্রামের আব্দুল ওহাব প্রধানের বাড়ি থেকে জিহাদী বইসহ তাদের আটক করা হয়।
এরা হলেন উপজেলার কিশামত কেওয়াবাড়ী গ্রামের নুরুল আকন্দের ছেলে মেহেদুল ইসলাম (৩৫), গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশ পাচপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও সদরের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজলার রহমানের ছেলে আতাউর রহমান মিন্টু (৩৫)।
