সালথা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
হত্যা মামলার অভিযোগপত্রে নাম থাকায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ চেয়রম্যান মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বির হাসান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ মার্চ বরখাস্তের আদেশে স্বাক্ষর হওয়ার কথা শুনলেও এখনও হাতে পাননি।
“তবে এরপর থেকে চেয়ারম্যান সাহেব অফিসে আসছেন না।”
গত ৩০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামানের বিরুদ্ধে মামলার অভিযোগত্রটি ২০১৬ সালের ২২ অগাস্ট আদালতে গৃহীত হয়েছে।
“এ কারণে তার উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করায় উপজেলা পরিষদ আইন অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।”
এ ব্যাপারে ওহিদুজ্জামান বলেন, “২০০৮ সালের ২১ মার্চের একটি হত্যা মামলার আমি একজন আসামি। এ ব্যাপারে ২০০৯ সালেই আদালতে আমার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়েছে।
“এরপর ২০১১ সালের সালের ইউপি নির্বাচন ও ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আমি মামলার যাবতীয় কাগজপত্র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হই।”
২০১১ সালের পর তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি বা কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি বলে দাবি করে বলেন, “এ মামলার তথ্য সঠিক নয়। আমি এ ব্যাপারে উচ্চ আদালতের আশ্রয় নেব।”
উপজেলার ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান ২০১৫ সালের ১৯ অগাস্ট সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
