বড়হাটে নিহত জঙ্গি নাজিম ‘হামলা চালান সিলেটে’
মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় নিহত তিনজনের মধ্যে একজনকে চিহ্নিত করেছে পুলিশ।
আশরাফুল আলম নাজিম নামে ওই ব্যক্তিই সিলেটে আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের সময় বাইরে বোমা পেতেছিলেন বলে পুলিশ মনে করছে, যে বিস্ফোরণে র্যাবের গোয়েন্দা প্রধানসহ সাতজন নিহত হন।
গত শনিবার বড়হাটের আবুশাহ দাখিল মাদ্রাসা গলির ডুপ্লেক্স বাড়িতে চালানো অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’
শেষ হওয়ার পর কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন, নিহত তিনজনের মধ্যে একজন সিলেটে হামলাকারী বলে তারা ‘মোটামুটি নিশ্চিত’।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে নিহত তিনজনের একজনের পরিচয় শনাক্তের কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “নিহত তিন জঙ্গির একজন সিলেটে আতিয়া মহলে অভিযান চলার সময় বাইরে বোমা হামলা চালানোর হোতা মো. আশরাফুল আলম নাজিম বলে আমরা সন্দেহ করছি।
“তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। লাশ শনাক্তে আসার জন্য তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।”
অভিযান শেষে মনিরুল বলেছিলেন, “আমরা টেকনোলজি ব্যবহার করে দেখেছি, এখান (বড়হাট) থেকে গিয়ে ওখানে (সিলেটে) তারা ঘটিয়ে আবার এখানে ফেরত আসতে পেরেছিল।”
আতিয়া মহলে অভিযানের পরপরই বড়হাটের আস্তানায় অভিযান চালানো হয়। বড়হাটের বাড়িটি যুক্তরাজ্য প্রবাসী যে ব্যক্তির তার গ্রামের বাড়ি নাসিরপুরেও আরেকটি জঙ্গি আস্তানার সন্ধানও মেলে। সেখানে সাতজন নিহত হন, তারা সবাই এক পরিবারের বলে তথ্য মিলেছে।
