২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশু হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

‘চুরিতে বাধা দেওয়ায়’ সাভারের আশুলিয়ায় শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 07:58 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

মৃত শাহাদাত হোসেন (০৫) আশুলিয়ার জামগড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

শনিবার জামগড়া এলাকার এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শামীম হাসান জানান।

পুলিশ বলছে, ঘটনার পর থেকে ‘মাদকসেবী’ জাহাঙ্গীর আলম নামে ওই প্রতিবেশী পলাতক রয়েছেন।

শিশুর মা রেহেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দুই ছেলেকে বাসায় রেখে কর্মস্থলে যাই। দুপুরে প্রতিবেশী মাদকসেবী জাহাঙ্গীর আমার বাসার সিলিং ফ্যান চুরি করে খুলে নেওয়ার চেষ্টা করলে দুই ছেলে তাকে বাধা দেয়।

“এ সময় জাহাঙ্গীর লোহার রোলার দিয়ে শাহাদাতকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তা দেখে জ্ঞান হারিয়ে ফেলে বড় ছেলে।”  

পরে স্থানীয়রা তাকে স্থানীয় হাসপাতারে নিয়ে যায় বলে জানান রেহেনা।

পরিদর্শক শামীম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।