ফেনীতে ‘ছেলের দায়ের কোপে’ বাবা খুন
ফেনীতে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের দায়ের কোপে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবদুল কাদের (৫০) সদর উপজেলার মোটবি ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডে তার ছেলে ইউসুফ আলীকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে বলে ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খাঁন চৌধুরী জানান।
তিনি বলেন, পেশায় শ্রমিক কাদেরের দুটি সংসার রয়েছে। প্রথম সংসারে স্ত্রী সকিনা বেগম, ছেলে ইউসুফ ও ফারুক হোসেন (৩৪)। দ্বিতীয় সংসারে স্ত্রী লুৎফুন নাহার, তিন ছেলে শফিকুল ইসলাম (২৮), শহিদুল ইসলাম (২৬), তাজুল ইসলাম (২৪) এবং মেয়ে ফুলধন বিবি (২০) ও আয়েশা আক্তার (৬)।
শুক্রবার রাতে দ্বিতীয় সংসারের বড় মেয়ে ফুলধন বিবির বিয়ের কথাবার্তা চলছিল। এসময় মেয়ের বিয়ের জন্য কাদের তার জমি বিক্রয় করতে চাইলে প্রথম স্ত্রীর বড় ছেলে ইউসুফ তাতে বাধা দেয়।
“এক পর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ইউসুফ ক্ষিপ্ত হয়ে বাবা কাদেরের গলায় দা দিয়ে কোপ দেয়। পরিবারের লোকজন কাদেরকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
