ফলাফল নয়, ফোকাস সুষ্ঠু নির্বাচন: কাদের
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রাথীর পরাজয় সম্পর্কে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ফলাফল আমাদের ফোকাস নয়; আমাদের ফোকাস হচ্ছে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষনির্বাচন।
শুক্রবার টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিআরটিএর ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “কুমিল্লার নির্বাচনের ফলাফল আমাদের ফোকাস নয়, আমাদের ফোকাস হচ্ছে এ নির্বাচনটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে কি-না। এটা আমাদের ফার্স্ট প্রাইওরিটি।
“নির্বাচনে হারা-জেতা জনগণের বিষয়। কিছু দিন আগে একটা অবাধ, নিরপেক্ষ নির্বাচনে আমরা নারয়াণগঞ্জে জিতেছি। কুমিল্লায় অবশ্য পৌরসভা থাকাকালেও কোনোদিন আমরা জিততে পারিনি।”
মন্ত্রী বলেন, “আমাদের যে লক্ষ্য ছিল সেটা আমরা বাস্তবায়িত করতে পেরেছি। বিএনপি সব সময় অভিযোগ করে আসছে যে, শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।
“নারয়ণগঞ্জের মত আমরা কুমিল্লায়ও প্রমাণ করেছি যে, শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে।”
এটাই বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, “অবাধ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীরও নির্দেশ ছিল। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি।
“নারায়ণগঞ্জে দলকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলাম, কিন্তু কুমিল্লায় আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে পারিনি। এখানে আমাদের অভ্যন্তরীণ সমস্যা আছে।”
এসময় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক জলিল, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, বিআরটিএর প্রকল্প পরিচালক সানাউল হক, মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ স্থানীয় আওয়ামীলীগ ও সড়ক-জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
