২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি নেতা মুসার মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ

সিলেটের আতিয়া মহলের অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে রাজশাহীর বাগমারার জঙ্গি নেতা মাইনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন কি না- তা নিশ্চিত হতে মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 05:19 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহম্পতিবার দুপুরে মুসার মা সুফিয়া বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এ সময় মুসার বোন কামরুন নাহারও উপস্থিত ছিলেন।    

এর আগে হাসপাতালের হিমঘরে রাখা নিহত পুরুষ জঙ্গিদের মরদেহ তারা দেখেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

আতিয়া মহলে অভিযানে যে চার জঙ্গি মারা পড়েছেন তার মধ্যে মুসাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণে দেহ বিকৃত হয়ে পড়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

বুধবার রাতে মুসার মাকে হেফাজতে নেয় রাজশাহী পুলিশ। তামিম চৌধুরীসহ শীর্ষ নেতারা মারা যাওয়ার পর বাগমারার মুসা ‘নব্য জেএমবি’র হাল ধরেন বলে গোয়েন্দারা মনে করছেন।

এর আগে গতকাল সিলেটের আতিয়া মহলে ভাড়া নেয়া নিহত নারী জঙ্গি মর্জিনা আক্তারের পরিচয় সনাক্তে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থেকে সিলেট আসেন তার পরিবারের সদস্যরা। তাদেরও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি আস্তানায় এখনও দুই মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়নি।

পুলিশ কর্মকর্তা জেদান বলেন, “ভবনের ভেতরে বিপুল পরিমাণ বিষ্ফোরক থাকায় ভবনটি এখনো ঝুঁকিপুর্ণ। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সিলেটে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বোমাগুলো নিষ্ক্রিয় করার পর মরদেহগুলো উদ্ধার করা হবে।”

এছাড়া সিআইডি ও পিবিআই ক্রাইস সিন দেখবে ও আলামত সংগ্রহ করবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ সুরমায় পাঁচ তলা ও চার তলা বাড়ি দুটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ। পরে শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ শেষে মঙ্গলবার চার জঙ্গির নিহত হওয়ার খবর জানানো হয়।

মঙ্গলবার বিকালে চার দিনের অভিযান শেষে সেনাবাহিনী ‘আপরেশন টোয়াইলাইট’ অভিযানের সমাপ্তি ঘোষণা করে। পরে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয় ভবনটি।

পুরনো খবর:

জঙ্গি নেতা মুসার মা পুলিশ হেফাজতে