অর্থ আত্মসাৎ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের জামিন
বিধিবহির্ভূতভাবে সিলেকশন গ্রেড দিয়ে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জামিন পেয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলায় কর্মরত আইনজীবী মো. এনামুল হক জানান, গাজীপুর জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক বুধবার বিকালে তার জামিন মঞ্জুর করেন।
তাকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত অন্তর্বতীকালীন জামিন দেওয়া হয়েছে।
তিনি বলেন, এর আগে গত ২১ মার্চ তার আইনজীবীরা একই আদালতে জামিন আবেদন করেন। পর দিন শুনানি শেষে বিচারক একেএম এনামুল হক তার জামিন না দিয়ে ২৯মার্চ কেস ডায়েরি (সিডি)জমা দেওয়াসহ ও পরবর্তী শুনানির দিন রাখেন।
“পরে বুধবার বিচারক অন্তর্বতী জামিনের আদেশ দেন।”
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান,এর আগে গত ১৬ মার্চ গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ জামিন আবেদন করা হলে বিচারক মো. ইলিয়াস রহমান তা নাকচ করেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফজলুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৩ মার্চ ভোরে ঢাকার মিরপুরের বাসা থেকে বদরুজ্জামানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা ওই দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত এ পরীক্ষা নিয়ন্ত্রক এজহারভুক্ত আসামি। এ মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ ১৩ জন আসামি।
এনামুল হক বলেন, এনিয়ে ওই মামলায় গ্রেপ্তার চারজনইজামিন পেলেন।
এরআগে গত ১৩ফেব্রুয়ারি মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান শিপু, অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক (বেতন ও কল্যাণ) শেখ মোহাম্মদ মোফাজ্জল হোসাইন, ও সহকারীরেজিস্ট্রার সিদ্দিকুররহমান গ্রেপ্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতের মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিন পান।
ওই মামলায় অভিযোগ করা হয়, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া ১৬৯ জন কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছে।
তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ও সহকারী কলেজ পরিদর্শক এমএইচ এম এ শাহজাহান বাদী হয়ে আরো তিনটি দুর্নীতির মামলা করেন।
মামলাগুলো তদন্ত করছে দুদক।
