২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র মামলায় দুইজনের ১০ বছর করে কারাদণ্ড

অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখায় খুলনায় দুই ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2017, 03:20 PM

Updated : 19 Aug 2022, 04:09 PM

সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর পাবলা দফাদার পাড়ার শেখ জহুরুল ইসলামের ছেলে শেখ সুমন (২৪) ও গাইকুড় এলাকার মৃত আবু সেলিম খানের ছেলে নাহিদ নেওয়াজ খান (৩৩)।

রায় ঘোষণার সময় দুজনেই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

তাছাড়া অন্য একটি ধারায় দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুই দণ্ড একইসঙ্গে চলবে বিধায় দুইজনকে ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন।

মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১২ সালের ১ সেপ্টম্বর দৌলতপুরের দেয়ানা পশ্চিম পাড়া এলাকা থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ সুমন ও নাহিদকে আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৬ খুলনার উপ-সহকারী পরিচালক বিদ্যুৎ চন্দ্র দে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন।