২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় রিমি হত্যায় স্বামীর ফাঁসির রায়

কুষ্টিয়ায় চার বছর আগে কলেজ ছাত্রী স্নিগ্ধা আক্তার রিমিকে হত্যার দায়ে তার স্বামীর প্রাণদণ্ডের রায় দিয়েছে আদালত।    

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2017, 12:55 PM

Updated : 19 Aug 2022, 04:06 PM

কুষ্টিয়ার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিহাব উদ্দিন শিশির (৩০) মীরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।

মামলার নাথিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিশিরের সঙ্গে সদর উপজেলার চৌড়হাস এলাকার আব্দুল বারীর মেয়ে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রী স্নিগ্ধার ‘প্রেমের সম্পর্ক’ ছিল। পরিবারকে না জানিয়ে ২০১১ সালে তারা গোপনে বিয়ে করেন।

শিশির ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি রিমিকে মিরপুর উপজেলায় নওদা বহলবাড়ীয়ায় খালার বাড়িতে নিয়ে যায়। রাতে রিমির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে শিশির পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় রিমির ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মিরপুর থানায় শিশিরকে একমাত্র আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডের এক মাস পর পুলিশ টাঙ্গাইলে এক আত্মীয়ের বাড়ি থেকে শিশিরকে গ্রেপ্তার করে।

শিশির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।পরে তিনি জামিনে মুক্তি পেয়ে আবারও পালিয়ে যান বলে অনুপ জানান।  

তদন্ত শেষে পুলিশ শিশিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার কাজ শুরু হয়।