২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগাছা নাশকে পচে গেছে কৃষকের ২০ একর জমির বোরো চারা

আগাছা নাশক প্রয়োগে নীলফামারীর সদর উপজেলার কৃষকদের অন্তত ২০ একর জমির বোরো চারা নষ্ট হয়ে গেছে।

বিজয় চক্রবর্তী কাজল

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 04:45 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

চারা রোপনের কয়েক দিনের মাথায় এসএএম এগ্রো কেমিক্যাল নামে একটি কোম্পানির ‘জিলাস’ নামের আগাছা নাশক ব্যবহার করে বৃদ্ধি বন্ধ হওয়ার পাশাপাশি চারা পচে যাচ্ছে বলে অভিযোগ উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কালার বাজার এলাকার কৃষকদের।

ফলন ভালো হওয়ায় প্রতি বছরের মতো এবারও বোরো ধান রোপন করেছিলেন কালারবাজার এলাকার কৃষক রহিম উদ্দিন, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মোজাফ্ফর, আলম উদ্দিন সরকারসহ শতাধিক কৃষক।

চারা রোপনের পর নিয়মিত ক্ষেতের পরিচর্যা করে আসছিলেন তারা। চারা রোপনের সাত থেকে ১০ দিনের মধ্যে আগাছা নিধনের জন্য জিলাস ব্যবহার করেন। তারপরই বিপত্তি ঘটে বলে এ কৃষকরা জানান।

রহিম উদ্দিন বলেন, “জমি তৈরি, বীজ, সার, পানিসহ অনেক টাকা খরচ করে চারা রোপন করেছি। চারা রোপনের কয়েক দিন পর জিলাস দেওয়ার কারণে আমার পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে।”

জাহিদুল ইসলাম বলেন, “এবার দুই বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি। চারা রোপনের এক সপ্তাহ পর জিলাস দিয়েছিলাম। জিলাস দেওয়ার পর গাছ আর বাড়তেছেনা।

“চারা গাছগুলো লাল হয়ে গেছে। এমনকি চারার গোড়াতেও পচন ধরেছে।”

এসব বোরো চারা গলার কাঁটা হয়ে গেছে। তাই বাধ্য হয়ে চারা তুলে ফেলছেন বলে জানান এ কৃষকরা।

মোজাফ্ফর বলেন, “আট বিঘা জমিতে বোরো চারা লাগিয়েছি। এখন পর্যন্ত আমার ৩০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। আগাছা নাশক জিলাস দিয়ে সব ধান নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে চারা তুলে ফেলতেছি।”

কালার বাজারের কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বাবুর কাছ থেকে এই আগাছানাশক কিনে প্রতারিত হয়েছেন বলে জানিয়েছেন কৃষকরা।

আগাছা নাশক বিক্রির কথা স্বীকার করে জাহাঙ্গীর হোসেন বাবুরবলেন, “আমি জানতাম না যে, এই ওষুধের মান এত খারাপ। কৃষকদের কাছ থেকে চারা পচে ও মরে যাওয়ার অভিযোগ পাওয়ার পর ওই ওষুধ বিক্রি বন্ধ রেখেছি।”

ওষুধের প্রতিক্রিয়ার বিষয়টি ওই কোম্পানির প্রতিনিধিকে বারবার জানালেও তিনি আর এলাকায় আসেননি বলে অভিযোগ করেন জাহাঙ্গীর।

তবে এ বিষয়ে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএম ইদ্রিস বলেন, ভেজাল ওষুধ বা অতি মাত্রায় বালাই নাশক প্রয়োগ যেকোনো কারণেই এমনটি হতে পারে।

“আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছি। যদি ভেজাল আগাছা নাশক প্রয়োগের ফলে এমনটি হয়ে থাকে তাহলে ওই কোম্পানির লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদেরক্ষতিপূরণ আদায় করে দেওয়া হবে বলে জানান তিনি।