সোনারগাঁয়ে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলারদুটি ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার উপজেলার বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের ১৫টি গ্রামেতিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভ্রাম্যমাণআদালত এ অভিযান চালায়।
তিতাস গ্যাসের কাঁচপুর অঞ্চলের ম্যানেজার আব্দুল মোমেন তালুকদার জানান, তিতাস গ্যাসের অসাধু কিছু ঠিকাদার ১৫টি গ্রামের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তিন ইঞ্চি ডায়া পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয়।
“বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই এলাকার প্রায় ১০ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিছিন্ন করা হয়েছে।”
অবৈধ গ্যাস সংযোগকারী ঠিকাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অভিযানের সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কাঁচপুর অঞ্চলের উপ-ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও সহকারী উপ-ব্যবস্থাপক মশিউর রহমানসহ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
