বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে তীব্র যানজট
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের দীর্ঘ এলাকাজুড়ে মধ্যরাতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আকস্মিকভাবে সেতুর ‘টোল বাড়ানোর’ কারণে অনেক গাড়ি সেতুতে না উঠে ঘুরে আগের পথে ফেরত যাওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে গাড়িচালক ও পুলিশ জানিয়েছে।
তবে সেতৃ কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, টোল বাড়ানো হয়নি। এখন সফটওয়্যারের মাধ্যমে হিসেব করে গাড়ির ব্লু বুক অনুযায়ী টোল আদায় করছেন তারা।
রোববার বিকাল থেকেই থেমে থেমে চলছিল যানজট। সন্ধ্যার পর থেকে এর তীব্রতা বাড়তে থাকে।
রাত সাড়ে ৯টার পর থেকে বঙ্গবন্ধু পশ্চিম সেতু গোলচত্বর এলাকা থেকে নলকা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কজুড়ে যানজটে আটকা থাকতে দেখা যায় কয়েক হাজার গাড়িকে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেতুর টোল বাড়ার কারণে কিছু কিছু চালকরা গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।”
চালকদের অভিযোগ, সেতু কর্তৃপক্ষ হঠাৎ করেই টোল বাড়িয়েছে। গাড়িপ্রতি ২/৩শ’ টাকা হারে বাড়ানো হয়েছে।
তবে সেতুর টোল বাড়ানো হয়নি বলে দাবি করেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের উপ-সচিব রেজাউল হায়দার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেতু কর্তৃপক্ষ কোনো টোল বৃদ্ধি করেনি। তবে বিআরটিএর রেজিস্ট্রেশন সফটওয়্যারের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এ কারণে চালকদের ব্লু-বুক অনুযায়ী টোল আদায় করা হচ্ছে।”
