২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ এবং প্রাকৃতিক পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 09:18 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’ এর ব্যানারে অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, “সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র ভবন নির্মাণ করা হচ্ছে। কোনো ধরনের প্ল্যান অনুসরণ না করায় তা জীব-বৈচিত্র্য নষ্ট করছে।

“আমরা আন্দোলনে যেতে চাই না, দয়া করে আমাদের মাঠে নামাবেন না। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে অতীতের মাস্টারপ্ল্যানের পরিবর্ধণ চাই।”

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, “যারা ভূমি, নদী ও সুন্দরবন দখল করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন তাদের মতো আচরণ করছে।”

কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ে এখন বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যাচ্ছে। প্রশাসনিক ভবন ভালোভাবে বিকশিত হচ্ছে, সেখানে একাডেমিক ভবন কোনোমতে তৈরি করা হচ্ছে। প্রকৃতি বাঁচিয়ে পরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করতে হবে।”

প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, “বাণিজ্যিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ প্রকৃতি এবং জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দিচ্ছে।যা বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতাকে নষ্ট করে ফেলছে।”

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কৃত্তিকার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেন তুহিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দীন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলী এবং জাবি সাংস্কৃতিক জোট ও ছাত্রফ্রন্টের নেতারা।