২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার তালায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

সাতক্ষীরার তালায় কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থি ‘দলের দুই সদস্যের’ নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 09:13 AM

Updated : 11 Apr 2022, 11:10 PM

তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রহিমাবাদ গ্রামের লক্ষণ দাসের আমবাগানে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের কানাই বাছাড়ের ছেলে বিদ্যুৎ বাছাড় ও সুজনসাহা গ্রামের নূর ইসলামের ছেলে শেখ তালহা।

পুলিশ বলছে, বিদ্যুৎ চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ‘বিদ্যুৎ বাহিনীর’ প্রধান এবং তালহা তার সহযোগী ছিলেন। তাদের নামে থানায় মামলা রয়েছে।  

ওসি বলেন, ‘বিদ্যুৎ বাহিনীর’ সদস্যরা ওই আমবাগানে জড়ো হয়েছে খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায় ও বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। ১৫ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে দুইজনকে পড়ে থাকতে দেখা যায়।”

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি পিস্তল, চারটি হাতবোমা, একটি রাম দা ও হাতুড়ি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় পুলিশের এএসআই সফিউজ্জামান ও কনস্টেবল নাজমুল আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, বিদ্যুতের নামে অবৈধ অস্ত্র রাখা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি এবং তালহার নামে নাশকতার একটি মামলা রয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদরে পাঠানো হচ্ছে।