২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুট ব্যবসা নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ

সাভারে ঝুট ব্যবসাকে কেন্দ্র যুবলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 07:17 PM

Updated : 19 Aug 2022, 03:59 PM

শনিবার বিকালে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার ‘মানারত নিটওয়্যার’ কারখানায় এ ঘটনা ঘটে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান।

আহতদের মধ্যে ইউনিয়ন যুবলীগের সদস্য রাজুকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

কারখানাটির মালিক আলমগীর কবীর বলেন, সাভার সদর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানার সমর্থক ইউনিয়ন যুবলীগের সদস্য মোহন মিয়া দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করছেন। আজকে হঠাৎ করে ঝুট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ঝুট নিতে আসেন।

“পরে খবর পেয়ে মোহনের লোকজন বাধা দিলে এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে।”

এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডল বলেন, “সদর ইউনিয়নে যত কারখানা আছে সব কারখানার ঝুট ব্যবসা আমরা ও সদর ইউনিয়নের নতুন চেয়ারম্যান সোহেল রানা ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে দুই পক্ষের লিখিত চুক্তিও হয়।

“কিন্তু চেয়ারম্যান হওয়ার পর সোহেল একাই ব্যবসা করতে চায়। এ নিয়ে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সোহেলের লোকজন আমার পক্ষের ইউনিয়ন যুবলীগের সদস্য রাজুর ডান হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলেছে।”

ঘটনার পর থেকে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।