ফেনীতে পিকনিকের বাস খাদে পড়ে আহত অর্ধশত
ফেনীর দাগনভূঞায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি পিকনিকের বাস খাদে পড়ে অর্ধশত যাত্রী আহত হয়েছে।
দাগনভূঞা থানার এসআই নাছির উদ্দিন জানান, তুলাতলি এলাকায় শুক্রবার ভোরে নোয়াখালী মোটরসাইকেল মেকানিক সমিতির পিকনিকের বাস এ দুর্ঘটনার শিকার হয়।
আহতদের নোয়াখালী ও ফেনীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নোয়াখালী মোটরসাইকেল মেকানিক সমিতির সাধারণ সম্পাদক মো. কিরণ জানান, ভোর ৩টার দিকে সমিতির সদস্যদের নিয়ে একুশে পরিবহণের একটি বাস মাইজদী থেকে রাঙামাটির দিকে যাচ্ছিল।
কিরণ জানান, এ সময় বাসের যাত্রীদের সবাই আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যে বিভিন্ন হাসপালে পাঠায়।
দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে এসআই জানান।
