২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলি করে ‘দেড় কোটি টাকা লুট’

সাভারে গুলি করে পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 04:58 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম জানান, মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় ব্যাবিলন গ্রুপের ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ব্যাবিলন গ্রুপের নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেতুলঝোড়া এলাকার ‘অবনি নীটওয়্যার লিমিটেড’ থেকে প্রাইভেট কারে করে হেমায়েতপুরের পদ্মার মোড়ে একই প্রতিষ্ঠানের ‘অবনি ফ্যাশন লিমিটেড’ কারখানায় শ্রমিকদের বেতনের টাকা নেওয়া হচ্ছিল।

“পথে তিনটি মোটরসাইকেলে করে ছয় যুবক এসে গাড়ির গতিরোধ করে। গাড়ির পেছনের সিটে টাকাভর্তি একটি ব্যাগ ও ব্যাক ডালার ভেতরে টাকাভর্তি আরও তিনটি ব্যাগ ছিল। ছিনতাইকারীরা প্রথমে গুলি করে। পরে ক্রিকেট ব্যাট দিয়ে পেছনের বাম পাশের কাচ ভেঙে সবাইকে জিম্মি করে চারটি ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।”

কাচের টুকরোয় গাড়িতে থাকা পাঁচজনের সবাই সামান্য আহত হয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, গাড়িতে ছিলেন কারখানার মানবসম্পদ কর্মকর্তা নাছির উদ্দিন, প্রশাসন (অর্থ) মো. শহীদ, জুনিয়র কর্মকর্তা (অর্থ) জাহিদ হোসেন ও হিসাবরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান। আর গাড়িটি চালাচ্ছিলেন জামান হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, “আমরা ঘটনা তদন্ত করছি।”