২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ‘জুয়াড়ীদের হামলায়’ পুলিশ কর্মকর্তারা আহত

দিনাজপুরে ‘জুয়াড়ীদের হামলায়’ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 01:03 AM

Updated : 19 Aug 2022, 03:57 PM

সোমবার রাতে নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহতদের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ বোয়ালমারী গ্রামের করতোয়া নদীর তীরে দীর্ঘদিন থেকেই জুয়ার আসর বসত। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবির ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

“রাতের অন্ধকারে জুয়াড়ীরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পুলিশের উপর লাঠিসোঁঠা নিয়ে হামলা চালায়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ, ডিবির ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়।”

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত পুলিশ সদস্যদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানায় ওসি ইসমাইল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ছুটিতে ছিলেন, ঘটনা শুনে থানায় ফিরছেন।

“যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি নবাবগঞ্জ থানায় নয়, রংপুরের পীরগঞ্জের মধ্যে পড়েছে।”