২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল বহনের দায়ে পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন

ফেনসিডিল বহনের দায়ে খুলনায় এক পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 09:29 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম খান (৩২) খুলনা সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাটের শরণখোলা থানার সাউথখালি গ্রামের মো. আলি আজগর খানের ছেলে।

রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন জাহিদুল।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন বলেন, ২০১৩ সালের ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল মো. জাহিদুল ইসলাম খানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ডুমুরিয়া থানার এএসআই মো. কামরুল ইসলাম বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে মামলা করেন।

একই বছরের ১৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মহসীন আলি আদালতে অভিযোগপত্র দেন।