কাজেই নিরপেক্ষতা প্রমাণ হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কাজের মাধ্যমেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণিত হবে।
মঙ্গলবার বরিশালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গৌরনদী ও বানারীপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা তাৎক্ষণিকভাবে প্রমাণ করা যাবে না। কাজের মাধ্যমে কমিশনের নিরপেক্ষতা প্রমাণিত হবে।
আগের নির্বাচন কমিশনের পথেই হাঁটছে বর্তমান কমিশন; বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন সিইসি।
তিনি বলেন, বিগত নির্বাচন কমিশনের কর্মকাণ্ড যা থাকুক না কেন, আগামী নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের প্রতি সকলের আস্থা ফিরিয়ে আনা হবে।
কোনো ব্যক্তি বা দলের কাছে নির্বাচন কমিশন মাথানত করবে না বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
আগামী ৬ মার্চ গৌরনদী ও বানারীপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।
জেলা প্রশাসনের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা আহ্বান করেন।
দলগুলো নির্বাচনে অংশ নিলে এবং নির্বাচনী আইন মেনে চললে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলেও মন্তব্য করেন নূরুল হুদা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি শেখ মো. মারুফ হাসান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক গাজী মো. সাইদুজ্জামান ও র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উজ জামান প্রমুখ।
