দুই চালকের সাজা: সারা দেশে পরিবহন ধর্মঘটে ভোগান্তি
সড়ক দুর্ঘটনার জন্য দায়ী দুই চালকের সাজার প্রতিবাদে সারা দেশে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। শহরতলীর বিভিন্ন গন্তব্যে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাড়ি না পেয়ে রাস্তায় নাকাল হতে হচ্ছে রাজধানীর বিভিন্ন রুটের যাত্রীরাদেরও।
খুলনা, যশোর, কুষ্টিয়া, নড়াইল, দিনাজপুর, সিরাজগঞ্জ, ময়মননিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা পরিবহন ধর্মঘটে সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকার খবর জানিয়েছেন।
এদিকে ধর্মঘটের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দরে কয়েকশ পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। বাস না থাকায় চাপ বেড়েছে ছোট যানবাহন ও ট্রেনে।
মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হওয়ায় খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন।
এর মধ্যে ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ঢাকার আদালতে ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় হলে রাতে পরিবহন শ্রমিক নেতারা অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি দেন।
“বিক্ষুব্ধ শ্রমিকরা এখন অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে। আমরা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আবার আলোচনায় বসব।”
এস আলম পরিবহনের ঢাকা অঞ্চলের ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবহন শ্রমিকরা ধর্মঘট ডেকেছে, সারাদেশে যান চলাচল বন্ধ। আমরা অসহায়ের মতো এর সঙ্গে আছি। পক্ষেও নাই বিপক্ষেও নাই।”
তিনি বলেন, “এর আগে কখনও এমন সাজা হয়নি। সে কারণে শ্রমিকরা ক্ষিপ্ত। আলোচনার মাধ্যমে এই অচলাবস্থার একটা সমাধান জরুরি।”
চালকরা রাজি না হওয়ায় সকাল থেকে কোনো গাড়ি চলছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আবদুল হক।
“আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ গাড়ি চালাতে রাজি নয়। এ কারণে গাড়ি বন্ধ।”
চট্টগ্রাম থেকে কুড়িগ্রাম রুটের সৌখিন পরিবহনের চালক মাসুদুর রহমান হিরণ বলেন, এই রুটে সোমবার থেকেই বাস চলাচল বন্ধ।
“বিশ বছর ধরে গাড়ি চালাই। রাস্তায় যদি একটা সাপও পড়ে, তার পরও আমরা সেটাকে বাঁচাতে চাই। কিন্তু এভাবে সাজা দিলে আমরা গাড়ি চালাতে পারব না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
যাত্রীরা অসহায়
সকালে ঢাকার সায়েদাবাদে গিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক দেখতে পান, বিভিন্ন রুটের গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে টার্মিনালের ভেতরে। বিভিন্ন গন্তব্যের যাত্রীরাও সেখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে। অনেকে বাসায় ফিরে গেলেও জরুরি প্রয়োজন থাকায় কেউ কেউ অন্য বাহনের আশায় অপেক্ষা করছেন।
সিলেটের পাথর ব্যবসায়ী মো. আলী নেওয়াজ তার স্ত্রী ও ভাতিজিকে নিয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে এসেছিলেন। কিন্তু বাস না ছাড়ায় বিপাকে পড়েছেন তিনি।
“সকাল ৯ টায় আসছি, কোনো লোকাল বাস পেলেই চলে যেতাম, কিন্তু কিছুই পাচ্ছি না। ঢাকায় কোনো থাকার জায়গাও নাই।”
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আরিফ কুমিল্লা যাওয়ার জন্য সকাল সাড়ে ৭টায় সায়েদাবাদ টার্মিনালে আসেন। কিন্তু বেলা সাড়ে ১২টায়ও গাড়ি পাননি তিনি।
বেলা ১১টার দিকে গাজীপুর থেকে আসা বলাকা পরিবহনের একটি বাসকে মহাখালীতে ঘুরিয়ে দেওয়া হয়। ওই বাসের চালক জানান, মহাখালী টার্মিনালের সামনে দিয়ে যেতে দিচ্ছে না।
“আমাদের যাইতে তো কোনো সমস্যা নাই। কিন্তু টার্মিনালের সামনে দিয়া যাইতে দেয় না।”
কুড়িল বাসস্ট্যান্ডে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর বাসে উঠেছিলেন মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আসাদুল হক। মহাখালীতে নামিয়ে দেওয়ায় বিরক্ত তিনিও।
“ভাই, অনেক সময় দাঁড়াইয়া বাসে উঠতে পারছি। কিন্তু এরপর আবার এইখানে আইসা নামাইয়া দিল। কিভাবে যাই বলেন?”
গাবতলী থেকেও কোনো বাস ছাড়ছে না। চালকদের কর্মবিরতির কারণে হানিফ পরিবহনের সব বাস বন্ধ রয়েছে বলে জানান হানিফ পরিবহনের মহাব্যবস্থাক মো. মোশাররফ হোসেন।
তিনি বলেন, “চালকরা গাড়ি চালাচ্ছে না। আমাদের সব বাস টার্মিনালে। কোনো বাস ছাড়তে পারছি না।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের চিকিৎসা শেষে বাড়ি ফিরতে এসে গাবতলীতে আটকা পড়েন খুলনার হান্নান খান।
সকাল ৬টা থেকে কাউন্টারের সামনে অপেক্ষা করেও কোনো গাড়ি না পাওয়ায় ২টার দিকে ট্যাক্সি ভাড়া করে পাটুরিয়া ফেরিঘাটের পথ ধরেন তিনি; সঙ্গে ছিলেন তার স্ত্রী, বাবা ও মা।
হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৭ দিন ছেলের চিকিৎসা শেষে এখন বাড়ি যাচ্ছি। ধর্মঘট না কর্মবিরতি কিসের কারণে যেন বাস যাচ্ছে না। হাসপাতালে থাকার সময় যেসব কাপড়চোপড় ছিল সেগুলোও সাথে আছে। সকাল থেকে কিভাবে যে সময় পার করছি, আপনাকে বোঝাতে পারব না।”
মায়ের অসুস্থতার খবরে আর মেয়ের এসএসসি পরীক্ষার কারণে বাড়ি যাচ্ছিলেন রিকশাচালক আবদুল আজিজ। সকাল সাড়ে ৬টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অপেক্ষা করেও সাতক্ষীরার গাড়ি পাননি তিনি।
“বাড়ির ঝামেলার খবর হুইন্যা বাড়ি যাইতেছিলাম। সকাল থেকে অপেক্ষা করতেছি, মালিক সমিতি বলে হরতাল ডাকছে, কখন গাড়ি ছাড়বে তার ঠিক নাই। অপেক্ষায় আছি, আল্লায় যেভাবে নিয়া যায় যামু।”
গাবতলীতে ফরিদপুর, পিরোজপুর, বরিশালসহ বিভিন্ন রুটে চলা গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার মাস্টার শেখ আলমগীর হোসেন বলেন, “কোম্পানি অর্ডার করছে বাস বন্ধ রাখার, কোনো গাড়ি বাইর হয় নাই আজকে। আমাদের দুই-আড়াইশ গাড়ি বসা।”
“আমার জানামতে কোনো সংগঠন এ ধর্মঘট পালন করে নাই। ড্রাইভাররা কর্মবিরতি করেছে। এখন কেউ যদি গাড়ি না চালায়, আমরা তো জোর করতে পারি না। সবারই তো এটা করার গণতান্ত্রিক অধিকার আছে।”
চট্টগ্রাম
চট্টগ্রামের সব পরিবহন শ্রমিকও জানতেন না মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট।
জেলার বিভিন্ন উপজেলার মানুষ এবং নগরবাসীও ধর্মঘটের খবর আগে পায়নি। সকালে বাইরে বেরিয়ে ধর্মঘটের বিষয়ে তারা জানতে পারেন।
আগ্রাবাদ এলাকার বাসিন্দা শামীম সুমন বলেন, “আমার অফিস প্রবর্তক মোড়ে। সকালে বেরিয়ে দেখি গাড়ি চলছে না। এখন হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে।”
সকালে চট্টগ্রামে থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন সরকারি কর্মকর্তা আয়াজ মাবুদ।
তিনি বলেন, “অটোরিকশা করে পেকুয়া পর্যন্ত এসেছি। পেকুয়া থেকে পিকআপ ভ্যানে চকরিয়ার দিকে যাচ্ছি। কিভাবে কক্সবাজার পৌঁছাব তা এখনও জানি না।”
নগরীর সব মোড়ে শত শত মানুষকে যানবাহনের অপেক্ষায় ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
এদিকে সকালে নগরীর বিভিন্ন রুটে সিটি সার্ভিসের বাস চলাচল করলেও শ্রমিকদের বাধার কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাও বন্ধ হয়ে যায়।
চট্টগ্রামের উপজেলা পর্যায়েও বাস চলাচল বন্ধ হয়ে গেছে। টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস ও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল ও কদমতলী বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকরা সব ধরনের যান চলাচলে বাধা দিচ্ছেন।
ধর্মঘটের কারণে বাস-মিনিবাস, ট্রাক, কর্ভাড ভ্যান, হিউম্যান হলারসহ সব গণপরিবহন বন্ধ হয়ে গেছে।
নগরী ও মহাসড়কে অটোরিকশা ও রিকশা চলাচল করছে।
চট্টগ্রাম নগরী থেকে তোলা ছবি
রাজশাহী নগরী থেকে তোলা ছবি
অটোরিকশার চালক মো. আলাউদ্দিন বলেন, “যাত্রী নিয়ে যাওয়ার সময় তারা আমার গাড়ির কাচ ভাংচুর করে।”
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলীয় কমিটির কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী বলেন, কেন্দ্র থেকে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।
“রাতে কর্মসূচি ঘোষণা করায় সব জায়গায় খবর পৌঁছায়নি। তাই কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টার্মিনাল ও স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও যাতে পিকেটিং না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।”
চান্দগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পরিবহন ধর্মঘট থাকায় শ্রমিকরা গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। টার্মিনাল এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
কুষ্টিয়া
আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রাম থেকে ফাতেমা খাতুন (৩২) সোমবার বিকালে ট্রেনে করে এসেছিলেন জেলা সদর হাসপাতালে চিকিৎসক দেখাতে। মঙ্গলবার বিকালে আবার ট্রেন আসার অপেক্ষায় বসে আছেন স্টেশনে।
তিনি বলেন, “যত দুর্ভোগ আমাগে ঘাড়ে আইসে পড়ে। কুষ্টিয়া-আলমডাঙ্গায় চলে একটি মাত্র ট্রেন। তাও বিকেল সাড়ে ৪টায়। কাইল বিয়ালে আইছি। আইজ বিয়ালের জন্যি স্টেশনে বইষে রইছি।”
সদর উপজেলার গট্টিয়া গ্রামের কাঁচামাল বিক্রেতা ইউসুফ আলী বিকল্প পরিবহন স্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে সবজি বোঝাই করে ধর্মঘটের আওতামুক্ত ঈশ্বরদী যাচ্ছিলেন।
যশোর শহর থেকে তোলা ছবি
যশোর রেলস্টেশন
তিনি বলেন, “আর্থিক ক্ষতির মুখে পরবর্তীতে মালামাল কেনাবেচার মূলধনই শেষ হয়ে গেল।”
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শেষ বর্ষের ছাত্র আকিমুল ইসলাম রাজবাড়ির বহরপুর গ্রামের বাড়ি যাবেন। বাস বন্ধ থাকায় সকাল থেকে অপেক্ষা করে আছেন বিকল্প পথ ট্রেনের আশায়। কিন্তু মাত্রাতিরিক্ত ভিড়। ট্রেনে তিলধারণের জায়গা নেই। বেলা ১১টার ট্রেনে উঠতে পারেননি। বসে আছেন বিকেলের ট্রেন ধরতে।
তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “নাগরিক জীবনের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। বিচারের রায়ে সংশ্লিষ্ট পক্ষ ক্ষুব্ধ হতেই পারে। তার জন্য আইনি প্রক্রিয়ায় অনেক পথ খোলা আছে। সেই পথে না গিয়ে এভাবে ধর্মঘটে জনজীবনকে জিম্মি করে বিচারের রায় বদলে দেওয়ার চেষ্টা কোনোভাবেই সমাধানের পথ হতে পারে না।”
ঝিনাইদহ
আবদুর রশিদ চাকরি করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সহকারী কৃষি কর্মকর্তা পদে।
তিনি তার ভোগান্তির কথা বললেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
“মাগুরা থেকে প্রথমে মাহেন্দ্র করে হাটগোপালপুর আসি। সেখান থেকে ইজিবাইকে ঝিনাইদহ শহর, তারপর আরেক ইজিবাইকে শৈলকুপা।”
এভাবে আসতে তার অন্যদিনের চেয়ে দ্বিগুণের বেশি খরচ হয়েছে বলে জানালেন।
“এমনিতে বাসে লাগে ৪০ টাকা। আজ খরচ হয়েছে প্রায় ১০০ টাকা।”
তবে ইজিবাইককেও লাঠিসোটা নিয়ে পরিবহন শ্রমিকরা বাধা দিচ্ছেন জেলার বিভিন্ন জায়াগায়। ঝিনাইদহ শহরের আরাবপুর বাসস্ট্যান্ড ও বাস টার্মিনালে গিয়ে কোনো ধরনের যান দেখা যায়নি।
দিনাজপুর
ছবি তুলতে দেননি দিনাজপুরের পরিবহন শ্রমিকরা।
একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান মাসুম ও সাংবাদিক সাব্বির।
তারা বলেন, সকাল ১০টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ছবি তুলতে গেল শ্রমিকরা তেড়ে আসেন। তারা ছবি তুলতে বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিক চিৎকার করে বলতে থাকেন, সাংবাদিকদের লেখালেখির কারণে চালকদের সাজা হয়েছে।
সিলেট
মেয়েকে দেখতে এসে আটকা পড়েছেন বগুড়ার আফসানা বেগম। তার মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন।
তিনি বলেন, “দুশ্চিন্তাটা বিশেষত এ কারণে যে কবে ধর্মঘট শেষ হবে তা কেউ বলতে পারছেন না। চরম ভোগান্তিতে পড়েছি।”
ধর্মঘটের কারণে তিনি টার্মিনাল থেকে আবার মেয়ের কাছে ফিরে যাচ্ছেন।
আফসানা রেগে বলেন, “কথায় কথায় ধর্মঘট ডাকার অভ্যাস হয়েছে বাঙালির।”
সিলেট নগরীতে যান চলাচল স্বাভাবিক থাকলেও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। তবে বিচ্ছিন্নভাবে কিছু অটোরিকশা ও হালকা যান চলাচল করতে দেখা গেছে।
কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল, হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডীপুল এলাকায় পিকেটিং করেছেন পরিবহন শ্রমিকরা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী দুই চালকের সাজার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ময়মনসিংহ
ধর্মঘটের কারণে সকাল থেকে মাসকান্দা কেন্দ্র্রীয় ও পাটগুদাম আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। অন্য কোনো বাসও ময়মনসিংহে আসেনি।
হঠাৎ করে বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঢাকাগামী যাত্রী সেলিম হোসেন বলেন, “আমরা ঢাকা যাওয়ার উদ্দেশে টার্মিনালে এসে দেখি বাস বন্ধ। তাই বাসায় ফিরে যেতে হচ্ছে।”
মাসকান্দা বাস টার্মিনালের এনা পরিবহনের ব্যবস্থাপক রতন পণ্ডিত জানান, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সকাল থেকেই বাস চলাচল বন্ধ আছে।
বেনাপোল
বেনাপোল
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান বলেন, “বিষয়টি নিয়ে সরকারের ঊর্ধ্বতন মহলে আলাপ-আলোচনা চলছে। খুব শিগগিরই সমাধান হবে বলে আশা করছি।”
যশোর
শহরের মুরলী মোড়, চাচড়া চেকপোস্ট এলাকা, পালবাড়ি-খয়েরতলা ও উপশহর ঘুরে দেখা গেছে, পরিবহন শ্রমিকরা রাস্তায় নেমে যান চলাচলে বাধা দিচ্ছেন। এখানে চার চাকার পাশাপাশি মোটরসাইকেল বা টেম্পোও চলতে দেওয়া হচ্ছে না। শ্রমিকরা বিক্ষোভও করেছেন।
এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিশেষত সোমবার ধর্মঘট প্রত্যাহারের খবর আসায় অনেকেই সকালে বাইরে এসেছেন। তারা জানেন না, ধর্মঘট চলমান রেখেছে শ্রমিকরা।
যাদের গন্তব্যে ট্রেন যায় তারা হেঁটেই রেলস্টেশনে যাচ্ছেন। দূরের যাত্রীরা ফিরে যাচ্ছেন।
