২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মঙ্গলবার রোহিঙ্গা শুমারি শুরু

মিয়ানমারে সেনা অভিযানের পর বাংলাদেশে পালিয়ে আসাদের সংখ্যা জানতে মঙ্গলবার থেকে কক্সবাজারে রোহিঙ্গা শুমারি শুরু হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 07:18 PM

Updated : 11 Oct 2022, 01:31 PM

পুরনো খবর:

রোহিঙ্গা শনাক্তে কমিটি সারাদেশে

সোমবার পরিসংখ্যান ব্যুরো কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ওয়াহিদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, গত বছরের ৯ অক্টোবর মিয়ানামারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনার পর দেশটির সেনা বাহিনী ব্যাপক অভিযান শুরু করলে ‘বিপুল সংখ্যক রোহিঙ্গা’ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

“রোহিঙ্গার সংখ্যা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা একেক রকম কথা বলছে। এরই প্রেক্ষিতে নতুন করে পালিয়ে আসাদের প্রকৃত সংখ্যা জানতে রোহিঙ্গা শুমারির উদ্যোগ নিয়েছে পরিসংখ্যান ব্যুরো।”

মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার সদর, রামু, চকরিয়া, উখিয়া ও টেকনাফের পাশাপাশি চট্টগ্রাম ও বান্দরবানে রোহিঙ্গা গণনার কাজ শুরু হয়ে আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে বলে জানান তিনি।

ওয়াহিদুর জানান, শুমারির জেলা কমিটিতে জেলা প্রশাসক এবং উপজেলা কমিটিতে স্থানীয় ইউএনও নেতৃত্ব দিবেন।

এর আগে গত বছর মার্চে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা জানতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় আরও একটি শুমারি হয়েছিল।

গত কয়েক দশক ধরে কক্সবাজারে শরণার্থী শিবির ও দেশের বিভিন্ন স্থানে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করেছে।