ঝালকাঠিতে স্ত্রী হত্যায় ৫ বছরের দণ্ড
ঝালকাঠির কাঁঠালিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে ঝালকাঠি জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নানক গাইন উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের জগদীশ চন্দ্র গাইনের ছেলে।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল।
মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৪ সালের ১১ এপ্রিল অন্তঃসত্ত্বা স্ত্রী পূজা রানীকে পেটে লাথি মারেন নানক গাইন। এতে পূজা মারা যান।
এ ঘটনায় পূজার বাবা জলধর হালদার বাদী হয়ে ওই দিন রাতেই নানকের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
