সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০
সুনামগঞ্জের ছাতকে ওয়াজ মাহফিল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, শহরের বাসস্টেশন সংলগ্ন আবুল মহসিন বট মিয়া মাঠে দুপুর ২টা থেকে প্রায় দুই ঘণ্টা এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ সুপার জানান, খাদিমুল ইসলাম পরিষদের ব্যানারে গত ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনের ওয়াজ মাহফিলের আয়োজন করে স্থানীয় বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা। তবে স্থানীয় জালালিয়া আলীম মাদ্রসার ছাত্ররা এ ওয়াজ মাহফিলের বিরোধিতা করে আসছিল।
“এ বিরোধের জেরে সকালে জালালিয়া মাদ্রাসার ছাত্ররা ওয়াজ মাহফিলে ঢিল ছুঁড়ে মারলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।”
পুলিশ সুপার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ১০ রাউন্ড কাঁদুনে গ্যাস ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
