সিলেটে দুদক কর্মকর্তাকে মারধর, মামলায় আসামি ম্যাজিস্ট্রেট
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে দুদকের কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম) তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার আদালতের নির্দেশে এ মামলা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ।
গত ৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের ব্যবসাবাণিজ্য শাখার অফিস সহকারী আজিজুর রহমানকে আটক করতে গিয়ে হামলায় দুদকের কর্মকর্তাসহ তিনজন আহত হন।
এ ঘটনায় ওই রাতে দুদক সিলেট কার্যালয়ের পরিচালক শিরিন পারভীন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু এই সাধারণ ডায়েরিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন।
আদালতের আদেশ পেয়ে সন্ধ্যায় মামলা নথিভুক্ত করা হয় বলে জানান ওসি সুহেল।
তিনি বলেন, জিডিতে জেলা প্রশাসক কার্যালয়ের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমান ছাড়া আর কারেও নাম উল্লেখ নেই। তবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তার অধীনস্থ একজন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়। ফলে তাদের তিনজনকেই মামলায় আসামি করা হবে।
সিলেটের বর্তমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম।
