পুঠিয়ায় গাছে বেঁধে শিশু নির্যাতন, গ্রেপ্তার ২
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোবাইল ফোনের মেমরি কার্ড চুরির অভিযোগে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তারাপুর গ্রামের আসফার আলীর ছেলে এরশাদ আলী ও বরুমোল্লার ছেলে শুভ।
মেমরি কার্ড চুরির অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের (১২) বছর বয়সী এক ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।
ওসি হাফিজুর বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতনের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ওসি।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনের মেমরি কার্ড চুরির অভিযোগে শিশুটিকে গাছে বেঁধে নির্যাতন করেন এরশাদ ও শুভ। উপজেলার তারাপুর বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি হাফিজুর রহমান হাফিজ।
