জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
ভর্তি পরীক্ষায় জালিয়াতি, শিক্ষার্থীকে মারধরসহ পাঁচটি ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক জানান, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থী মারধর ও জালিয়াতির ঘটনায় ১১ জনকে সাময়িক এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শৃঙ্খলা বিধির ৪ ও ৫ নম্বর ধারা অনুযায়ী এসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।”
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য চিরতরে বহিষ্কার করা হয়েছে নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে।
ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় সাময়িক বহিষ্কৃতরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এস এম শরীফ আহমেদ ও গণিত বিভাগের মো. নাজমুল হুদা।
এদের মধ্যে শরীফ হলেন আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের গত কমিটির দপ্তর সম্পাদক এবং নাজমুল হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী।
সিন্ডিকেটের সিদ্ধান্তে বলা হয়েছে গত ১৮ ডিসেম্বর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির চেষ্টার অভিযোগে শৃঙ্খলা বিধি অনুযায়ী এ দুজনকে সাময়িক বহিষ্কার করা হলো।
৩০ জানুয়ারি ২০১৭ তারিখ থেকে এ আদেশ কার্যকরের কথা বলা হয়।
একই সঙ্গে এই ঘটনার অধিকতর তদন্তের জন্য উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেনকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৩০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে, কেন্দ্রীয় খেলার মাঠে ও বটতলায় মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের ওপর হামলা এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলামকে মারধরের ঘটনায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরা হলেন- অর্থনীতি বিভাগের সাইদুল, প্রত্নতত্ত্ব বিভাগের মো. মিজানুর রহমান, দর্শন বিভাগের জাহিদ হাসান শিহাব, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. ইয়াছিন, প্রাণিবিদ্যা বিভাগের ইসতিয়াক আহমেদ চৌধুরী, গণিত বিভাগের নাজমুল হুদা ও দীব্যেন্দু বিশ্বাস দ্বীপ, অর্থনীতি বিভাগের জহুরুল হক, এস এম ইনামুজ্জামান শুভ ও আশিকুর রহমান।
বহিষ্কৃত সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। এদের মধ্যে গণিত বিভাগের নাজমুল হুদা ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায়ও আলাদাভাবে সাময়িক বহিষ্কৃত হয়েছেন।
পাশাপাশি এই ঘটনার অধিকতর তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন পেশ করার জন্য বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ এস এম বদিয়ার রহমানকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বহিষ্কৃত থাকাকালীন ছাত্ররা হলে অবস্থান করতে এবং ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে সিন্ডিকেটের সিদ্ধান্তে বলা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিভিন্ন ঘটনায় কয়েকজনকে বহিষ্কারে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের কথা শুনেছি। এদের মধ্যে ছাত্রলীগের কেউ থাকলে তাদের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শেষে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
