২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াইগ্রামে গুলি করে ও কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি দিনে-দুপুরে গুলি ও কুপিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 06:49 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম থানার ওসি মো. শাহরিয়ার খান জানান।

গুলিবিদ্ধ রুবেল হোসেনকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর গ্রামের শুকুর আলীর ছেলে।

ওসি শাহরিয়ার বলেন, মোটরসাইকেলে করে রুবেল ও তার শ্যালক শহিদ হোসেন রসুন ক্ষেত দেখে বাড়ি ফিরছিলেন। পথে কলাবাগান এলাকায় পেছন থেকে দুইটি মোটরসাইকেলে পাঁচ যুবক তাদের পথরোধ করে।

“এ সময় তারা রুবেলের বাঁ পায়ে দুইটি গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করলে শহিদ দৌড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করে। পাশের রসুন ক্ষেতের ১০/১২ জন কৃষক ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা রুবেলের মাথায় ছুরি দিয়ে কয়েকটি আঘাত ও আরও দুটি গুলি করে বনপাড়ার দিকে পালিয়ে যায়।”

রুবেলকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয় বলে জানান তিনি।

নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, রুবেলের দুই পায়ের উঁরুতে তিনটি গুলি লেগেছে। একটি গুলি হাড়ের মধ্যে ঢুকে পড়েছে বলে মনে হচ্ছে।

এর আগে গত ১৯ জানুয়ারি উপজেলার আহম্মেদপুর এলাকায় এক কীটনাশক কোম্পানির বিক্রয় কর্মীকে গুলি করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।