‘রাজিব গান্ধী’র সহযোগী কথিত বন্দুকযুদ্ধে নিহত
বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘রাজিব গান্ধীর সহযোগী’র মৃত্যু হয়েছে।
কাহালু থানার ওসি নূর আলম সিদ্দিকী জানান, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পাতনজা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত মো. আবু মুসা ওরফে আবুজার ওরফে আবু তালহা ওরফে রবিন ওরফে সামিউল (৩২) পাবনা সদর উপজেলার বাসিন্দা।
ওসি আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ টহল দেওয়ার সময় পাতনজা এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে।
“পুলিশ পাল্টা গুলি করার পর কিছু সন্ত্রাসীরা চলে গেলেও সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বলে তিনি জানান।
মুসা নব্য জেএমবির পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রধান সম্বনয়ক ও হলি অর্টিজান হামলার প্রধান হোতা ‘রাজিব গান্ধী’র ঘনিষ্ঠ সহযোগী বলে জানান বগুড়া এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
তিনি বলেন, “মুসা গত বছরের ২০ মে কুষ্টিয়ার মজমপুর এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক সানাউল্লাহ হত্যার সঙ্গে জড়িত ছিলেন। ওই বছর ৫ জুন নাটোরের বনগ্রাম বাজারে মুদি দোকানি সুনীল গোমেজ হত্যা সঙ্গেও জড়িত ছিলেন।
“এছাড়া সিরাজগঞ্জে জঙ্গি সংগ্রহ, আত্মাঘাতী হামলার প্রশিক্ষণ, জিহাদি বই বিতরণ, চাঁদা সংগ্রহ ও হিজরতের জন্য সঙ্গীদের প্রস্তুত করাসহ জঙ্গি-তৎপরতায় প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত জঙ্গিরা গ্রেপ্তার হওয়ার পর আদালতে যে জবানবন্দি দেন তাতে মুসার নাম উঠে এসেছে।”
