২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে; পুলিশ আটক করেছে দুইজনকে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 12:31 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, শুক্রবার রাতে এসআই মতিউর রহমান বাদী হয়ে পাঁচ পাথর ব্যবসায়ীকে আসামি করে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার বিছানাকান্দি এলাকায় গর্ত করে পাথর তোলার সময় তিন শ্রমিকের মৃত্যু হলে তাদের লাশ গুম করার চেষ্টা হয়। শুক্রবার সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

ওসি দেলওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যাসহ লাশ গুমের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন - বিছানাকান্দির বাছির মিয়া, আজাদ মিয়া, কামাল হোসেন, চট্টগ্রামের জাহিদ মিয়া ও লক্ষ্মীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান।

তাদের মধ্যে জাহিদ ও রাজুকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি দেলওয়ার।

এর আগে গত ২৩ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। তাদের তিনজনের লাশ প্রভাবশালীরা সরিয়ে ফেলে। পরে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়।

সে ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, টিলা কেটে অবৈধভাবে পাথর তোলার সঙ্গে ৪৭ জন জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।

ঘটনার সঙ্গে স্থানীয় পুলিশ, প্রশাসন ও কিছু গণমাধ্যমকর্মী ‘পরোক্ষভাবে’ জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা বলেছিলেন তিনি।

পুরনো খবর:

সিলেটে মাটিচাপায় ফের ৩ শ্রমিকের মৃত্যু