সিলেটে মাটিচাপায় ফের ৩ শ্রমিকের মৃত্যু
আড়াই সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশায় তিনজন মাটিচাপা পড়েন।
গত ২৩ জানুয়ারিও সিলেটে একইভাবে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাতে নিহতরা হলেন - সুনামগঞ্জ সদর উপজেলার গুলেরগাঁও গ্রামের জাকির হোসেন (২০), তুলা মিয়া (২৫) ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চানপুর গ্রামের নির্মল সরকারের ছেলে পরিমল সরকার (২৫)।
ওসি দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্ত থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাথর তুলছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ সময় মাটি ধসে পড়লে তিন শ্রমিক চাপা পড়ে মারা যান।
“পাথরখেকোরা প্রাণহানির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্রমিকদের লাশ রাতের আঁধারেই সরিয়ে ফেলে। পরে তাদের শনাক্ত করা হয়।”
সুনামগঞ্জের দুইজনের লাশ উদ্ধারের খবর দিয়েছেন ওসি দেলোয়ার। আর পরিমলের লাশের খবর দিয়েছেন নেত্রকোনার খালিয়াজুরী থানার ওসি শওকত আলী।
এর আগে গত ২৩ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। তাদের তিনজনের লাশ প্রভাবশালীরা সরিয়ে ফেলে। পরে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়।
