টাম্পাকো দুর্ঘটনা: অনুদানের চেক প্রদান
গাজীপুরের টাম্পাকো ফয়লস কারখানা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন।
গত বছর ১০ সেপ্টেম্বর টঙ্গীতে টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানায় আগুন লাগার পর বহুতল ভবন ধসে ৩৯ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৪০ জন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পিআরও আকতারুল ইসলাম জানান, নিহতদের মধ্যে ৩২ জনকে শ্রমিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
ওই ৩২ শ্রমিকের পরিবারকে তিন লাখ করে এবং আহত ৪০ শ্রমিকের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
চেক হস্তান্তরের সময় প্রতিমন্ত্রী মুজিবুল হক বিভিন্ন প্রতিশ্রতি দেন।
তিনি বলেন, টঙ্গীতে শ্রমিকদের জন্য ১০ শয্যার একটি বার্ন ইউনিটসহ ২০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে।
আগামী তিন বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, টঙ্গী এলাকায় জমিপ্রাপ্তি সাপেক্ষে নারী শ্রমিকদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে। শ্রমিকদের সন্তানরা সরকারি মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে তিন লাখ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য প্রত্যেককে ওই তহবিল থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
কোনো শ্রমিক ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে পরিদর্শন প্রতিষ্ঠানের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আনিসুল আউয়াল, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
টাম্পাকো দুর্ঘটনা মামলায় তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন টঙ্গী থানার এসআই সুমন ভক্ত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৯ জনের মৃত্যু হলেও তিনজনের লাশ এখনও শনাক্ত করা যায়নি।
আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৩২ জনকে শ্রমিক হিসেবে শনাক্ত করেছে। বাকি চারজন সম্পর্কে তদন্ত কর্মকর্তা কোনো তথ্য দিতে পারেননি।
