লালাখালে ডুবে ২ মেডিকেল ছাত্রের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরের লালাখালে বেড়াতে এসে পানিতে ডুবে দুই মেডিকেল কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে লালাখালের মিস্ত্রিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির।
নিহত হাসান মোহাম্মদ সাঈদ (২৫) ও ইসহাক ইব্রাহীম (২৫) কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।
সাঈদের বাড়ি ঢাকা ও ইসহাক বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
ওসি বলেন, মঙ্গলবার বিকালে পাঁচ বন্ধু মিলে লালাখাল বেড়াতে আসেন। মিস্ত্রিঘাট এলাকায় গোসল করতে নেমে চোরাবালিতে ডুবে যান সাঈদ ও ইসহাক।
বন্ধুদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তাদের সহপাঠী ফাহমিদুল ইসলাম বলেন, “গোসল করতে নেমে হঠাৎ তলিয়ে যায় সাঈদ ও ইব্রাহিম। তাদের তলিয়ে যেতে দেখে আমরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
