সাংবাদিক শিমুল হত্যা: মেয়রের চালক গ্রেপ্তার
সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল
চালক শাহিন আলম (২৮) বেলকুচি উপজেলার নলুয়া দক্ষিণপাড়ার মোক্তার হোসেনের ছেলে।
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। মিরুর শটগান থেকে গুলি করা হয় বলে পুলিশের পক্ষে বক্তব্য আসে।
ঘটনার পর নিহত শিমুলের স্ত্রী এক হত্যামামলায় মিরুসহ ১৮ জনের নাম উল্লেখ করেন। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ২০-২৫ জনকে।
পরিদর্শক মনিরুল বলেন, সাংবাদিক হত্যা মামলায় মেয়র মিরুর চালক শাহিনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাংবাদিক হত্যা মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হল।
গত বৃহস্পতিবার শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করার অভিযোগ থেকে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্য দ্বন্দ্বের শুরু। এরপর একপক্ষ মেয়র মিরুর বাড়ি ঘেরাও করে।
শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সেখানে যথাসময়ে উপস্থিত হয়েছিল বলে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেছিলেন। তার দাবি, তিনি মেয়রকে বারবার বারণ করার পরও মেয়র গুলি ছোড়েন।
এ সময় একটি গুলি সাংবাদিক শিমুলের চোখ দিয়ে মাথার ভেতর ঢুকে যায় বলে চিকিৎসক জানান।
ঘটনার পর পুলিশ মেয়রের শটগান জব্দ করেছে।
এছাড়া মেয়রকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
এদিকে মেয়রকে সাত দিনের রিমান্ডে চেয়ে শাহজাদপুর উপজেলা আদালতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মনিরুল ইসলাম।
