২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে দুপুরে মহাসড়কে বাস থামিয়ে টাকা ছিনতাই

সাভারে দিনে দুপুরে মহাসড়কে বাস থামিয়ে তিনজনকে গুলি করে পাঁচ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 04:48 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেইটে সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান আশুলিয়ায় থানার ওসি মহাসিনুল কাদির।

গুলিবিদ্ধ টুটুল (৩২), সানোয়ার হোসেন (৪৫) ও আবুল হোসেন (৫০) পরস্পরের আত্মীয়।

টুটুলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় তাদের বাসা। সাভার বাজার বাসস্ট্যান্ড ইসলামী ব্যাংক থেকে নগদ ৫ লাখ ৪০ হাজার টাকা তুলে তারা বাসে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসের উদ্দেশে রওনা দেন।

“বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে পৌঁছলে দুটি মোটর সাইকেলে করে আসা ছিনতাইকারীরা বাসের গতিরোধ করে। পরে ছিনতাইকারীদের মধ্যে চারজন বাসে উঠে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং বাধা দিলে তিনজনের পায়ে গুলি করে চলে যায়।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আমজাদুল হক বলেন, আহত তিনজনকে বেলা পৌনে ১টার দিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সানোয়ার ও হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“টুটুল নামে একজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পায়ে গুলির আঁচড় লেগেছে।”

ওসি মহাসিনুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাছাড়া সড়কের বিভিন্ন অফিসের বাইরে লাগানো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।