২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ২০০ মণ জাটকাসহ আটক ৩

বরিশালে প্রায় ২০০ মণ জাটকাসহ তিনজনকে আটকের পর দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 03:49 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, রোববার গভীর রাতে নগরীর রূপাতলীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘর এলাকা থেকে ট্রাক ভর্তি জাটকাসহ তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে কারাদণ্ড ও একজনকে অর্থ দণ্ড দেওয়া হয়।

আদনান কবির বলেন, গোপন খবরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর পশ্চিম প্রান্তে টোলঘর এলাকায় অবস্থান নেয় র‌্যাব। পরে পটুয়াখালীর গলাচিপা থেকে আসা একটি ট্রাক সেতু অতিক্রমের সময় আটক করা হয়।

“ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ মণ জাটকা ও ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়।”

উদ্ধার জাটকা সোমবার সকালে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ এবং আটকদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, আটকদের মধ্যে মো. মাসুমকে ১৩ মাস ও খোকন গাজীকে ১৮ মাসের কারাদণ্ড এবং মো. রাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন খান।