২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে উল্টে যাওয়া বাস চাপায় যুবক নিহত

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া একটি বাসের নিচে চাপা পড়ে পথচারী এক যুবকের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৩৪ জন।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 01:57 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

গোদাগাড়ী উপজেলার কাদিরপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান।

নিহত হাসান আলী (২৫) গোদাগাড়ীর সাহাব্দিপুর গ্রামের আকবর আলীর ছেলে।

আহতরা বাস ও অটোরিকশার যাত্রী। তাদের মধ্যে ২৮ জনকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতাল ও বাকিদের গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হিপজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআরটিসির একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিল।

“পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।পরে বাসটিও মহাসড়কের ওপর উল্টে যায়। ”

তিনি বলেন, “এ সময় বাসের নিচে চাপা পড়ে পথচারী হাসান আলী ঘটনাস্থলেই মারা যান।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।