সাংবাদিক শিমুল হত্যায় প্রতিবাদ অব্যাহত
সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।
এসব সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে বৃহস্পতিবার মারধর করার অভিযোগে আওয়ামী লীগের একটি পক্ষ মেয়র মিরুর বাড়ি ঘেরাও করলে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকা আনার পথে তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে স্থানীয় সাংবাদিকরা।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় হত্যার মত ঘটনা ঘটছে। অবিলম্বে শিমুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সমাবশে বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, কামাল উদ্দীন, জোনাব আলী প্রমুখ।
ফরিদপুর
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মুজিব রোড়ে সামনে রোববার মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অবিলম্বে শিমুল হত্যায় জড়িতেদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ‘গণহারে’ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ফেনী
শিমুলের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন ফেনীর সাংবাদিকরা।রোববার সকালে ফেনী শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করে ফেনী প্রেসক্লাব।
ফেনী প্রেসক্লাবের সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল করিম মজুমদার, আবু তাহের, বখতেয়ার ইসলাম মুন্না, মুহাম্মদ আবু তাহের ভুইয়া, আসাদুজ্জামান দারা, কবি ইকবাল চৌধুরী প্রমুখ।
নেত্রকোণা
সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ করেছে সাংবাদিকরা।
নেত্রকোণা পৌরসভার সামনের সড়কে রোববার দুপুরে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, এম মুখলেছুর রহমান খান, শেখ খলিলুর রহমান ইকবাল, ভজন দাস প্রমূখ।
এছাড়াও নোয়াখালী, নওগাঁ, গাজীপুর, নারায়ণগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
