গাজীপুরে ট্রাক ধাক্কায় মেয়ে নিহত, আহত বাবা
গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটোরসাইকেল আরোহী পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা।
নগরীর আউটপাড়া এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.আব্দুস সালাম জানান।
নিহত সাহারা খাতুন স্থানীয় হাতেখড়ি প্রি ক্যাডেট স্কুলের নার্সারির ছাত্রী ছিল।
আহত মো. সজল মিয়াকে (৩৫) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আব্দুস সালাম জানান, স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে মোটোরসাইকেলে বাড়ি ফিরছিলেন সজল মিয়া।পথে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাবা ও মেয়ে রাস্তায় ছিটকে পড়েন।
“এসময় ট্রাকের চালক পালানোর জন্য দ্রুত গতিতে সাহারার ওপর দিয়ে চালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এসআই জানান,দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে নেমে ট্রাকটি আটক করে ভাংচুর চালালে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় পৌণে এক ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
