২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শিমুলের পাশে স্বাস্থ্যমন্ত্রী, জেলা প্রশাসক

সাংবাদিক শিমুল হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 11:38 AM

Updated : 11 Oct 2022, 01:26 PM

শনিবার রাতে পাবনা থেকে ঢাকায় ফেরার পথে শাহজাদপুরের মাদলা এলাকায় শিমুলের বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এই আশ্বাস দেন।

শিমুলের স্ত্রী নুরুন্নাহারকে আগামী তিন দিনের মধ‌্যে বগুড়ার সরকারি অ‌্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন‌্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে শিমুলের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেন মন্ত্রী। 

সেখানে উপস্থিত জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এ সময় শিমুলের ১১ বছরের ছেলে সাদি মোহাম্মদ ও পাঁচ বছরের মেয়ে তামান্নার লেখাপড়ার দায়িত্ব নেন। শাহজাদপুর ইউএনওকে সাংসারিক খরচ বহনের নির্দেশ দেন তিনি। 

নাসিমের নিজের জেলা সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

নাসিম বলেন, “শিমুল হত্যার বিচারে দলের সেক্রেটারি ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমিও বলছি, অভিযুক্তদের শাস্তি পেতেই হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

সাংবাদিক হত্যার ঘটনায় আন্দোলনের নামে উত্তেজনা না ছড়িয়ে দলের নেতা-কর্মীসহ সকলকে শান্ত থাকার পরামর্শ দেন এ আওয়ামী লীগ নেতা।

স্থানীয় সাংসদ হাসিবুল রহমান স্বপন, সাবেক সাংসদ চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খানসহ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।