২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শিমুলের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিক শিমুলের হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 11:56 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

শনিবার রাতে নিহত সাংবাদিকের বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসিমের নিজ জেলা সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুরের মাদলা এলাকায় শিমুলের বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা প্রকাশ করে। পরে শিমুলের স্ত্রী নুরন্নাহারকে নগদ এক লাখ টাকা ও যোগ্যতা অনুযায়ী চাকুরি নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

নাসিম বলেন, “শিমুল হত্যার বিচারে দলের সেক্রেটারি ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমিও বলছি, অভিযুক্তদের শাস্তি পেতেই হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।”

সাংবাদিক হত্যার ঘটনায় আন্দোলনের নামে উত্তেজনা না ছড়িয়ে দলের নেতাকর্মীসহ সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এ আওয়ামী লীগ নেতা।

এ সময় স্থানীয় সংসদ সদস্য হাসিবুল রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাসহ অন্যরা উপস্থিত ছিলেন।