জমির বিরোধে গাইবান্ধায় গৃহবধূ খুন, আটক ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির বিরোধে এক গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মৃত শাহিনুর বেগম (৩৫) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী রাহেদুল ইসলাম স্ত্রী।
শুক্রবার দুপুরের ওই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ কুমার চক্রবর্তী জানান।
তিনি বলেন, “করিম নামে এক প্রতিবেশীকে জমি বর্গা দেন শাহিনুর। শুক্রবার আরেক প্রতিবেশী আনোয়ারুল ওই জমিতে ধান রোপন করতে শাহিনুরের সঙ্গে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে আনোয়ারুল হাতে থাকা কোদাল দিয়ে শাহিনুরকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
বিকালে আনোয়ারুলের বড় ভাই চাঁন মিয়া ও তার ভাগ্নে লাইজু মিয়াকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই কল্যাণ।
