২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জমির বিরোধের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 05:37 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার হ্নীলা পাড়ায় শুক্রবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষ হয় বলে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।

নিহতরা হলেন হ্নীলা পাড়ার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ শাহজালাল (২৪) এবং একই এলাকার আলী আকবরের ছেলে মহিউদ্দিন (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক বখতিয়ার জানান, জমি নিয়ে শাহজালালের পরিবারের সঙ্গে মহিউদ্দিনের পরিবারের বিরোধ চলছিল।

“এর জেরে দুপুরে বাজার থেকে ফেরার পথে শাহজালালের ওপর মহিউদ্দিনের সমর্থকেরা হামলা করে। খবর পেয়ে শাহজালালের লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে ঘটনাস্থল গিয়ে পাল্টা হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর শুরু হয়।”

তিনি বলেন, সংঘর্ষে শাহজালাল ও মহিউদ্দিন দুইজনই গুরুতর আহত হন।

“তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহজালালের মৃত্যু হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিউদ্দিন।”

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।